নাইজেরিয়ার রাজাকে গুলি করে হত্যা, রানীকে অপহরণ

- আপডেট সময় : ০৫:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
- / 198
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকার এক ঐতিহ্যবাহী রাজাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে এবং রানীকে অপহরণ করে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রাজার নাম সেগুন আরেমু। তিনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল। তাঁর দাপ্তরিক উপাধী ছিল ‘কোরোর ওলুকোরো’। একদল সশস্ত্র হামলাকারী গতকাল রাজপ্রসাদে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করেছে এবং রানীকে অপহরণ করে নিয়ে গেছে।
হামলাকারীদের পরিচয় এখনও স্পষ্ট নয় এবং তারা কোনো মুক্তিপণ দাবি করেছে কি না, তাও জানা যায়নি।
নাইজেরিয়ায় গত কয়েক মাসে অপহরণের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। এসব ঘটনা মোকাবিলায় এরই মধ্যে দেশটির সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানিয়েছে। সংগঠনগুলো বলেছে, গত বছর মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এক হাজার ৮০০ জনের বেশি মানুষ অপহৃত হয়েছে।
নাইজেরিয়ার গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক এ ঘটনাকে বেপরোয়া ও মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আটক করার নির্দেশ দিয়েছেন। এদিকে পুলিশ জানিয়েছে, তারা ইতিমধ্যে অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।























