অবন্তিকার আত্মহত্যা : সহপাঠী ও প্রক্টরের রিমান্ড মঞ্জুর

- আপডেট সময় : ০৪:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / 184
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকা মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে দুইদিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ মার্চ) দুপুরে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সহপাঠী আম্মান সিদ্দিকীর ৫দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দুই দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ।
আম্মান সিদ্দিকী ও দ্বীন ইসলামকে গ্রেপ্তারের পর গতকাল রোববার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর রোববার রাতে তাদেরকে কুমিল্লায় নিয়ে আসা হয়। এর আগে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে মামলা করেন।
প্রসঙ্গত, ফাইরুজ অবন্তিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত শুক্রবার (১৫ মার্চ) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং সহপাঠীকে দায়ী করে নিজ বাসা কুমিল্লায় আত্মহত্যা করেছেন তিনি।






















