৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৭ জেলার নিম্নাঞ্চল
- আপডেট সময় : ০২:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 94
আগামী দুই দিন দেশে বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে এই সময়ে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের ৭ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশের নদ-নদীর বর্তমান অবস্থা জানিয়ে এক পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারি বৃষ্টি হতে পারে। এতে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ কারণে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে মুহুরী, সেলোনিয়া ও ফেনী পানি ফেনী জেলায় বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং এসব নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোয় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
ফ্লোটিলায় ইসরাইলি হামলার পর ইউরোপজুড়ে বিক্ষোভ
এছাড়াও এই সময়ে ফেনী নদীর চট্টগ্রাম জেলায় পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে তৃতীয় দিনে পানি সমতল হ্রাস পেতে পারে।
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট ও নীলফামারী জেলার এসব নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের কংস নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। অপরদিকে সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৩ দিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে সোমেশ্বরী, ভুগাই-কংস নদীগুলোর শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা অংশে পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোয় স্বাভাবিকের থেকে উচ্চতর জোয়ার বিরাজমান রয়েছে। আগামী ২ দিন এমন জোয়ার অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
























মন্ত্রিসভার বৈঠকে তিন সিদ্ধান্ত