রেকর্ড ভাঙ্গলো স্বর্ণের দামে, বেড়েছে রুপার দামও
- আপডেট সময় : ১০:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 66
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ১০১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।
বুধবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৯০৬ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। নতুন এ দাম কার্যকর হবে আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি বিক্রি হবে ২ লাখ ৯ হাজার ১০০ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়।
আউন্সপ্রতি ৪ হাজার ডলার ছুঁয়ে রেকর্ড গড়লো স্বর্ণের দাম
এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে রুপার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী ২২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৮১ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৪ হাজার ৭৪৭ টাকা ও ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৪ হাজার ৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৬ টাকা।
এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ছুঁয়েছে নজিরবিহীন উচ্চতা। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা ও আংশিক সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকছেন নিরাপদ সম্পদে। এর প্রভাবে ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার অতিক্রম করেছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ডলারের দামের ওঠানামার কারণে আন্তর্জাতিকভাবে স্বর্ণের প্রতি বিনিয়োগ বাড়ছে। তারই প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও। ফলে দেশের স্বর্ণবাজারে তৈরি হয়েছে নতুন রেকর্ড, যা আগে কখনও দেখা যায়নি।
























ক্যানসার আক্রান্ত সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই শহিদের মায়ের সাক্ষাৎ