রোমাঞ্চকর লড়াইয়ে ভিতিনহার হ্যাটট্রিকে জিতল পিএসজি

- আপডেট সময় : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 49
পিএসজিকে তাদের মাঠেই প্রায় ধরাশায়ী করার পথে ছিল টটেনহ্যাম হটস্পার। ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে দু দফা এগিয়েও যায় ইংলিশ ক্লাবটি। তাতেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। রুদ্ধশ্বাস লড়াইয়ে ভিতিনহার হ্যাটট্রিকে দারুণ এক জয়ই পেয়েছে পিএসজি।
চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে টটেনহ্যামের বিপক্ষে ৫-৩ গোলে জয় পেয়েছে পিএসজি। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নদের নায়ক পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা।
রোমাঞ্চকর এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে পিএসজিল। পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে লুইস এনরিকের দলের সংগ্রহ ১২ পয়েন্ট। পাঁচ ম্যাচের সবক’টিতে জয় পাওয়া আর্সেনাল ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে। আর দুই জয়, দুই ড্র ও এক হারে ৮ পয়েন্ট অর্জন করা টটেনহ্যামের অবস্থান ১৬।
গত মৌসুমের ইউরোপা লিগ জয়ী বনাম চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবের লড়াইয়ে প্রথমে এগিয়ে যায় টটেনহ্যাম। ৩৫ মিনিটে সফরকারীদের এগিয়ে নেন রিচার্লিসন। রন্দাল কোলো মুয়ানির হেড পাস পেয়ে হেড থেকেই জালে বল জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
বায়ার্নকে থামিয়ে শীর্ষে আর্সেনাল
১০ মিনিট পর দৃষ্টিনন্দন এক গোলে পিএসজিকে সমতায় ফেরান ভিতিনহা। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ২৫ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথামার্ধ।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কোলো মুয়ানির দুর্দান্ত ভলিতে আবার এগিয়ে যায় টটেনহ্যাম। তবে এবারও লিড ধরে রাখতে পারেনি তারা। মিনিট তিনেক পরই ডি-বক্সের ঢুকে জোরাল শটে পিএসজিকে সমতায় ফেরান সেই ভিতিনহাই। পরের ১২ মিনিটে আরও দুই গোল করে ব্যবধান ৪-২ করে স্বাগতিকরা।
৫৯ মিনিটে জোয়াও নেভেসের থ্রু বল ডি-বক্সে পেয়ে জোরাল শটে দলকে এগিয়ে নেন ফাবিয়ান রুইস। আর ছয় মিনিট পর জটলার মধ্যে শটে ব্যবধান বাড়ান ইকুয়েডরের ফরোয়ার্ড উইলিয়ান পাচো।
৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে ভিতিনহা। ম্যাচে শেষে নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পাওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘এটা আমার ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক, এর আগে এক ম্যাচে দুই গোলও করিনি। তাই এটা সত্যিই বিশেষ এক অনুভূতি।’
দুইবার পিছিয়ে পড়া ম্যাচে শেষ পর্যন্ত ৫-৩ গোলের জয়ে পুরো তিন পয়েন্ট আদায় করে নেয় পিএসজি। শেষ দিকে তাদের ডিফেন্ডার লুকাঁ এরনঁদেজ সরাসরি লাল কার্ড দেখলেও, তাতে ম্যাচের ফলে কোনো পরিবর্তন আসেনি।


























