দীর্ঘ দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
- আপডেট সময় : ০৫:০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 134
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এ সময় রাস্তার দুইপাশে হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে স্বাগত জানান তারেক রহমানকে।
তারেক রহমানকে স্বাগত জানাতে এসময় ঢল নামে মানুষের। দলের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে বরণ করেন নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে।
এরপর বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আজ এখানে কোনো অনুষ্ঠান নেই। রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হবে। তাই আমরা চেষ্টা করব রাস্তাটি যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে।
তিনি আরও বলেন, আপনাদের সঙ্গে নিয়ে যখন কর্মসূচি দেব তখন বক্তব্য রাখব। সবাই দোয়া করবেন। আমি ও দোয়া করি যে সবাই সুস্থ ও ভালো থাকেন। আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।
এর আগে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও দলের যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কার্যালয়ে প্রবেশের পর তারেক রহমান দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এর আগে এ উপলক্ষে এরই মধ্যে কার্যালয় সংলগ্ন আশপাশের এলাকাজুড়ে বড় বড় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে টাঙানো হয়েছে। এসব ব্যানারে তারেক রহমানের ছবির পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা এবং ঢাকা দক্ষিণ মহানগরের নেতাদের ছবিও শোভা পাচ্ছে।























চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার