‘তিন-চার বছরের মধ্যে সেরা ছন্দে মাহমুদউল্লাহ’
- আপডেট সময় : ০৩:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 118
কথায় বলে, পুরোনো চাল ভাতে বাড়ে- সেই কথাটিই চলতি বিপিএলে প্রমাণ করে চলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিপিএলে একের পর এক ম্যাচে ‘বুড়ো’ হাড়ের ভেলকি দেখাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার। তাই তো এক সময়ের সতীর্থ ও রংপুর রাইডার্সের কোচ মোহাম্মদ আশরাফুল বলছেন, গত ৩-৪ বছরের মধ্যে সেরা ছন্দে এখন মাহমুদউল্লাহ।
সিলেটে সোমবার সন্ধ্যার ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৫ উইকেটে হারায় রংপুর। ১৭০ রানের লক্ষ্যে ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলে বড় অবদান রাখেন মাহমুদউল্লাহ। তবে ২৫ বলে ৫০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা ছিলেন কাইল মায়ার্স।
তবে এর আগের দুই ম্যাচে মাহমুদউল্লাহ ছিলেন ম্যান অব দা ম্যাচ। সিলেট টাইটান্সের বিপক্ষে ১৬ বলে ৩৪ ও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তিনি খেলেন ৪১ বলে ৫১ রানের ইনিংস। পরপর তিন ম্যাচে দলকে জেতানো ইনিংস খেলে তাই কোচের প্রশংসায় ভাসছেন ৪০ ছুঁইছুঁই ব্যাটার।
চট্টগ্রামের বিপক্ষে জেতার পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল।
“মাহমুদউল্লাহ এখন যে ব্যাটিং করছে, ওর গত ৩-৪ বছরের মধ্যে সেরা। ওর ক্যারিয়ারের সেরা সময় ছিল হাতুরুসিংহের সময়, ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত। এখনও অসাধারণ সময় কাটাচ্ছে। আমাদের সৌভাগ্য তাকে পাওয়া।”
বিভ্রান্তিকর লিংকে ব্যক্তিগত তথ্য-ফি না দিতে বিটিআরসির সতর্কতা
অথচ বিপিএল নিলামে শুরুতে নিজের ক্যাটাগরি থেকে দলই পাননি মাহমুদউল্লাহ। সব ক্যাটাগরির নিলাম শেষ হওয়ার পর পুনরায় নিলাম করা হলে তাকে ডেকে নেয় রংপুর। তবে আশরাফুল বললেন, শুরু থেকেই পরিকল্পনায় ছিলেন মাহমুদউল্লাহ।
“আমরা যখন নিলামে বসেছিলাম, একজন ফিনিশার প্রয়োজন ছিল। মাহমুদউল্লাহর অভিষেক ২০০৭ সালে। তার পর থেকে আমরা সবাই জানি, এই ভূমিকাটা সে কতটা পালন করেছে। আমরা জানতাম যে, এই পজিশনে একজনকে দরকার ও মাহমুদউল্লাহর চেয়ে ভালো কেউ নেই।”
আগামী মাসে ৪০ হয়ে যাবে মাহমুদউল্লাহর বয়স। এই সময়ে এসে ফিটনেস ধরে রাখাও বেশ চ্যালেঞ্জিং যেকোনো ক্রিকেটারের জন্য। তবে আশরাফুল জানালেন, সমান তালে ফিটনেস ও মানসিক কাজ করে চলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
“মাহমুদউল্লাহ তো আমাদের কিংবদন্তি ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে সব মিলিয়ে যদি দেখেন, যারাই কিংবদন্তি ক্রিকেটার, বিশেষ করে যারা ব্যাটসম্যান, তাদের অল্প ব্যাটিং করলেই হয়। তারা মস্তিষ্কের কাজটাই বেশি করেন।”
“সে (মাহমুদউল্লাহ) এখন প্রচুর ফিটনেসের কাজ করে। এটা আসলে মূল ব্যাপার হওয়া উচিত। যারা ভালো ব্যাটসম্যান, তাদের বেশি বোলিং করা লাগে না, আমি মনে করি। কিন্তু সে প্রচুর ট্রেনিং করে এবং যে টুর্নামেন্ট খেলবে, সেটার জন্য ভালোমতো প্রস্তুতি নেয়। এখন নিয়মিত ফিটনেস নিয়ে কাজ করে, জিম করে এবং মস্তিষ্ক নিয়ে কাজ করে।”



























হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু