খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা
- আপডেট সময় : ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 52
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পূর্ব নির্ধারিত এই সভা শুরু হয়।
শোকসভায় যোগ দিয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা।
এছাড়াও এই নাগরিক শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা। পাশাপাশি অনুষ্ঠানে এসেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা। তবে আমন্ত্রণপত্র ছাড়া বাইরের কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা, কাটছে বিশ্বকাপের শঙ্কা
এদিকে শোকসভা ঘিরে নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনী, পুলিশ,র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
শোকসভাস্থলে মানুষের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোরদার করা হয়। অনুষ্ঠানের শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে দাফন করা হয়।





















এখন নতুন করে আরেকটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল