লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে বোর্নমাউথ

- আপডেট সময় : ১১:১৮:৪১ পূর্বাহ্ন, রোববার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 131
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গত রাতে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে বোর্নমাউথ। ইভানিলসন ও জেমিনেজের গোলে ৩৩ মিনিটে লিভারপুলের বিপক্ষে লিড দ্বিগুণ করে ঘরের মাঠের দলটি। প্রথমার্ধের শেষ দিকে এক গোল পরিশোধ করে ম্যাচে ফেরার আত্মবিশ্বাস জোগান ভার্জিল ফন ডাইক। ৮০ মিনিটে ফ্রি কিক থেকে সোবোসলাইয়ের দারুণ গোলে ২-২ সমতায় ফেরে রেড ডেভিলরা। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মরক্কোর উইঙ্গার আমিনে আদলির গোলে জয় নিশ্চিত করে বোর্নমাউথ।
এ নিয়ে নিজেদের সর্বশেষ পাঁচটি প্রিমিয়ার লিগ ম্যাচে জয়হীন বর্তমান লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। যার মধ্যে চারটি ড্র এবং সর্বশেষ পরাজয়। চার ড্রয়ের মধ্যে কেবল আর্সেনালের বিপক্ষে ড্র-ই হয়ত কিছুটা স্বস্তি দিয়েছে লিভারপুলকে। বাকি তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল লিডস, বার্নলি, ফুলহাম।
২৩ ম্যাচে ১০ জয় ও ৬ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে লিভারপুল। শীর্ষস্থান থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে তারা, ব্যবধান বাড়তে পারে আরও। কারণ ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল একটি ম্যাচ কম খেলেছে। আজ রাতে গানাররা মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের।
জাতীয় দলে ফিরছেন সাকিব- সিদ্ধান্ত বিসিবির
২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা। অন্যদিকে এই জয়ে দুই ধাপ এগিয়েছে বোর্নমাউথ। ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে দলটি।
এই ম্যাচ হেরে ব্যস্ত সূচিকে দায়ী করেছেন লিভারপুল কোচ আর্নে স্লট। যারা বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে অ্যাওয়ে ম্যাচ খেলে মার্শেইয়ের বিপক্ষে। মাঝে দুই দিন বিরতির পরই গত রাতে লিগ ম্যাচে মাঠে নামতে হয় তাদের। খেলা শেষে স্লট বলেন,
‘আমার মনে হয় আমাদের কয়েকজন খেলোয়াড়ের এনার্জি হারিয়ে ফেলেছিল। আমি তাদের সমালোচনাও করতে পারি না কারণ দুই দিন আগে আমাদের ইউরোপে একটি অ্যাওয়ে ম্যাচ খেলতে হয়েছিল। আমরাই একমাত্র দল যারা চ্যাম্পিয়নস লিগে খেলেছে এবং যাদের আবার দুই দিনের মধ্যে ম্যাচ ছিল।’


























