গোলকিপারের ‘মিরাকল’ গোল নিয়ে যা বললেন মরিনিও
- আপডেট সময় : ০১:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 80
পাগলাটে ওই মুহূর্তে কিংকর্তব্যবিমূঢ় ছিলেন বেনফিকার কোচ হোসে মরিনিওই। যোগ সময়ের একেবারে শেষ দিকে কিছু বুঝে উঠতে পারছিলেন না রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের নায়ক বেনফিকার গোলকিপার আনাতোলি ট্রাবিন। কোথা থেকে হাজির হয়ে হেডে বল জালে আছড়ে ফেলেই পুরো গ্যালারিকে নিয়ে মেতে উঠলেন বুনো উদযাপনে। পাগলাটে সেই মুহূর্তে কী চলছিল মরিনিওর মাথায়?
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বেনফিকার ৪-২ গোলের জয় অনেক কারণেই বিশেষ। পর্তুগিজ ক্লাবটির প্লে অফ নিশ্চিত করা এই জয় নিয়ে মরিনিও বলেন, ‘এটা সত্যি সত্যিই প্রাপ্য ছিল…রিয়াল মাদ্রিদকে হারানো বেনফিকার জন্য অবিশ্বাস্য সম্মানের বিষয়।’
রিয়ালের বিপক্ষে ৩-২ গোলের জয়ও যখন যথেষ্ট ছিল না, যোগ করা সময়ের ৯৮ মিনিটে গোলকিপাররের গোলে মিলে গেল সব সমীকরণ। বেনফিকার গোল ব্যবধান হয়ে গেল মাইনাস দুই। ঠিক এতটুকুই যথেষ্ট ইউরোপ সেরা প্রতিযোগিতা থেকে বিদায় ঠেকিয়ে প্লে অফেরে টিকিট কাটা।
অবিস্মরণীয় মুহূর্তে ব্যর্থ রিয়াল, বেনফিকার বাজিমাত
তবে ম্যাচ চলাকালীন নাকি গোল ব্যবধান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ মরিনিও এমন মুহূর্তের কথা স্বীকার করে বলেন, ম্যাচের শেষ মুহূর্তে তিনি এবং তার দল ভেবেছিলেন ৩-২ স্কোরলাইনই প্লে-অফ নিশ্চিত করবে, তবে পরে জানা গেল আরও একটি গোল প্রয়োজন। অভিজ্ঞ এই কোচের ভাষায়, ‘যখন আমি শেষ পরিবর্তনগুলো করলাম—তখন আমাকে বলা হয়েছিল স্কোরলাইন যথেষ্ট, তাই আমি ভাবলাম ম্যাচটাই এখানেই শেষ হয়ে যাক। কয়েক সেকেন্ডের মধ্যে জানানো হলো আমাদের আরও একটি গোল দরকার, কিন্তু আমি আর বদলি নামাতে পারিনি। ভাগ্যক্রমে আমাদের ফ্রি-কিকটা হয়েছিল, যাতে আমাদের দীর্ঘদেহী খেলোয়াড় (ট্রাবিন) মাঠে উপরে উঠে আসতে পারে।’
নাটকীয় হেডারের আগে একই ধরনের বিভ্রান্তির কথা স্বীকার করেন ইউক্রেনের গোলকিপার ট্রাবিনও, ‘আমি জানতাম না আমাদের কী দরকার। তারপর দেখলাম সবাই আমাকে উপরে যেতে বলছে। কোচও উপরে যেতে বলেছিলেন, তাই আমি বক্সে গেলাম… আর আমি জানি না… বলতে পারব না। পাগলাটে মুহূর্ত। আমি জানি না কী বলব। আমি গোল করার অভ্যস্ত নই। আমি ২৪ বছর বয়সি, আর এটা প্রথমবার। অবিশ্বাস্য।’
‘স্পেশাল ওয়ান’ মরিনিওর জন্য এই জয় কতটা বিশেষ তা বেশ ক’দিন আগে তাঁর একটি মন্তব্য শুনলেই স্পষ্ট হওয়া যাবে। গত সেপ্টেম্বরে বেনফিকার দায়িত্ব নেওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগে ক্লাবটির চতুর্থ ম্যাচ শেষে পয়েন্ট ছিল কেবল শূন্য। তখন পোড় খাওয়া এই কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কি এখনও চ্যাম্পিয়ন্স লিগে পরের পর্বে যাওয়া নিয়ে বিশ্বাসী কি না? এই প্রতিযোগিতায় তিনবার শিরোপা জয়ী মরিনিও তখন বলেন, ‘আমি এখনও বিশ্বাস করি, আমরা টিকে আছি।’ শেষ পর্যন্ত শেষ ম্যাচের শেষ মিনিটেই দলের টিকে থাকার কারীগর হলেন মরিনিও।
প্লে অফে আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে পারেন মরিনিও। শেষ ষোলো নিশ্চিতের ম্যাচে নিজের আরেক সাবেক ক্লাব ইন্টার মিলানও হতে পারে তাঁর প্রতিপক্ষ। আগামীকাল সুইজারল্যান্ডের নিওনে হবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ড্র।


























গুলিস্তানে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর বিক্ষোভ