জামালপুরে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি
- আপডেট সময় : ০১:০৭:০৮ অপরাহ্ন, রোববার, ২২ মার্চ ২০২৬
- / 71
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ধসে পড়ে পানিতে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
রোববার (২২ মার্চ) নিহত শিশুদের নিজ নিজ এলাকায় জানাজার পর দাফন সম্পন্ন হয়। শোকাহত পরিবার ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এর আগে শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতুটি হঠাৎ ধসে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
নিহতরা হলেন-ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী মেয়ে মায়ামনি ও ১২ বছর বয়সী মিহাদ, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও ১২ বছর বয়সী মেয়ে খাদিজা এবং বেলতলি এলাকার হাবিবুল্লাহর ১৪ বছর বয়সী ছেলে আবির হোসেন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, ঈদকে কেন্দ্র করে ভাসমান সেতুটিতে অতিরিক্ত ভিড় জমে। একপর্যায়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেতুটি ভেঙে যায় এবং অনেকেই ব্রহ্মপুত্র নদে পড়ে যান।
বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় একে একে পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
জামালপুর জেলা প্রশাসক মো. ইউসুপ আলী বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জেলাপ্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও ভূমি অফিসের সমন্বয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
























সরকার ক্রেডিট নেওয়ায় ব্যস্ত: জামায়াত আমির