নাহিদা ও শারমিনকে শাস্তি দিলো আইসিসি
- আপডেট সময় : ০৪:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / 43
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেলেন শারমিন সুলতানা। একই ম্যাচে প্রতিপক্ষ অধিনায়ককে ‘সেন্ড অফ’ দেওয়ায় জরিমানার খড়্গ নেমে এলো বাংলাদেশ সহ-অধিনায়ক নাহিদা আক্তারের ওপর।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে গত বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে একই মাঠে শনিবার মুখোমুখি হয়েছে দুই দল।
ম্যাচ চলাকালেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ওয়ানডেতে নিয়ম বহির্ভূত আচরণের জন্য শারমিন ও নাহিদাকে শাস্তির খবর জানিয়েছে আইসিসি। দুজনেরই ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এছাড়া দুজনের নামের পাশে যোগ হয়েছে ১টি করে ডিমেরিট পয়েন্ট। এটিই দুজনের প্রথম ডিমেরিট পয়েন্ট। আগামী ২৪ মাসের মধ্যে আরও ৩টি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা ভোগ করতে হবে তাদের।
দ্বিতীয় ওয়ানডেতে শারমিনকে ১৬তম ওভারে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে নিজের ব্যাট দেখিয়ে ব্যাটে লেগেছে বোঝাতে থাকেন তিনি। পরে মাঠ ছাড়তেও বাড়তি সময় নেন ২৫ রান করা ওপেনার।
পরে দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে চামারি আতাপাত্তুকে বোল্ড করে তার কাছে গিয়ে প্যাভিলিয়নের পথ দেখিয়ে উদযাপন করেন নাহিদা। যা আইসিসির নীতিমালা বিরোধী।
মাঠের দুই আম্পায়ার এলোইস শেরিডান ও রোকেয়া সুলতানার সঙ্গে থার্ড আম্পায়ার ডলি রাণী সরকার ও চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির জেসি মিলে শারমিন ও নাহিদার বিরুদ্ধে অভিযোগ আনেন।
এই অভিযোগের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত জানান ম্যাচ রেফারি সুপ্রিয়া রাণী দাস। দুজন ক্রিকেটারই নিজেদের অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।



























নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী