ক্রীড়া ইতিহাসে আয়ের রেকর্ড ভাঙছে ফিফা
- আপডেট সময় : ০১:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 67
২০২৬ বিশ্বকাপ ফুটবল মাঠের লড়াই শুরুর আগেই ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছে। তবে তা গোল বা ড্রিবলিংয়ের জন্য নয়, বরং অর্থের ঝনঝনানির জন্য। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায়, এটি হতে যাচ্ছে ‘মানবজাতির দেখা সর্বশ্রেষ্ঠ ইভেন্ট’। আর পরিসংখ্যান বলছে, এটি হবে ক্রীড়া ইতিহাসের সবচেয়ে লাভজনক প্রতিযোগিতা। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের।
ফিফার সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে চার বছরের এই চক্রে সংস্থাটির আয় হচ্ছে রেকর্ড ১৩ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা)। এর মধ্যে প্রায় ৯ বিলিয়ন ডলারই আসবে শুধু চলতি বছরে।
বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আসর অলিম্পিককেও আয়ের দৌড়ে অনেক পেছনে ফেলে দিয়েছে ফুটবল। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক যেখানে ৫.২৪ বিলিয়ন ডলার আয় করেছিল, ফিফার আয় তার দ্বিগুণেরও বেশি। বিশেষ করে উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) বিশাল বাজারকে লক্ষ্য করে টুর্নামেন্ট আয়োজন করায় ভাগ্য খুলে গেছে ফিফার। আর্থিক দিক থেকে বিশ্বকাপ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের আগ পর্যন্ত অলিম্পিকের চেয়ে পিছিয়ে ছিল। সেই টুর্নামেন্টে ৪.১৯ বিলিয়ন ডলার রাজস্ব আয় হয়েছিল ফিফার, যেখানে ২০১২ সালের লন্ডন গেমস থেকে বর্তমান বিনিময় হারে আয় হয়েছিল ৩.২৩ বিলিয়ন ডলার।
আয়ের প্রধান তিন স্তম্ভ
১. সম্প্রচার স্বত্ব : ৩২ দলের পরিবর্তে এবার খেলবে ৪৮টি দল। ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হচ্ছে ১০৪টি। ফলে টিভি স্বত্ব বিক্রি করে আয়ের সব রেকর্ড ভেঙে যাচ্ছে।
২. টিকিটের অস্বাভাবিক দাম: উত্তর আমেরিকার দর্শকদের কথা মাথায় রেখে টিকিটের দাম বাড়ানো হয়েছে কয়েক গুণ। ১৯ জুলাই নিউ জার্সির ফাইনাল ম্যাচের সর্বোচ্চ টিকিটের দাম ধরা হয়েছে ১০,৯৯০ ডলার, যা কাতার বিশ্বকাপের ফাইনালের চেয়ে সাত গুণ বেশি।
৩. স্পনসরশিপ: কোকা-কোলা, আরামকো ও অ্যাডিডাসের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো থেকে ফিফা প্রায় ২.৭ বিলিয়ন ডলার আয় করছে।
প্রাইজমানি ও উন্নয়ন অনুদান
অঢেল আয়ের বিপরীতে ফিফা প্রাইজমানির পরিমাণও বাড়িয়েছে। কাতার বিশ্বকাপের তুলনায় ৫০ শতাংশ বাড়িয়ে এবার মোট প্রাইজমানি করা হয়েছে ৮৭১ মিলিয়ন ডলার। অংশগ্রহণকারী ৪৮টি দেশের প্রতিটি দল অন্তত ১২.৫ মিলিয়ন ডলার (প্রায় ১৪৭ কোটি টাকা) নিশ্চিতভাবে পাবে। এছাড়া ২১১টি সদস্য দেশের ফুটবল উন্নয়নেও বড় অংকের অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
পর্দার আড়ালে অসন্তোষ
এত আয়ের মাঝেও বিতর্কের সুর বেজেছে আয়োজক শহরগুলোর মধ্যে। চুক্তিতে বলা হয়েছে— টিকিট, স্পনসরশিপ ও পার্কিংয়ের সব লাভ যাবে ফিফার পকেটে। অন্যদিকে নিরাপত্তা, পরিবহন ও পর্যটনের বিশাল খরচ বহন করতে হবে আয়োজক শহরগুলোকে। বাড়তি খরচের চাপে নিউইয়র্কের মতো শহরগুলো তাদের পূর্বনির্ধারিত ‘ফ্যান ফেস্টিভ্যাল’ বাতিল করতে বাধ্য হয়েছে।
পাশাপাশি, কর জটিলতা নিয়েও সমালোচনা রয়েছে। ফিফা করমুক্ত সুবিধা পেলেও খেলোয়াড় ও জাতীয় ফুটবল সংস্থাগুলোর ওপর মার্কিন ফেডারেল ট্যাক্সের বোঝা চাপার আশঙ্কা দেখা দিয়েছে।
সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ কেবল মাঠের ফুটবল নয়, বরং একটি বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, যার একচ্ছত্র নিয়ন্ত্রক হিসেবে থাকছেন জিয়ান্নি ইনফান্তিনো।



























দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর