তাইওয়ান কখনোই ‘চীনের’ হবে না: প্রেসিডেন্ট লাই চিং-তে
- আপডেট সময় : ০২:৩৯:০৬ অপরাহ্ন, রোববার, ১৯ জুলাই ২০২৬
- / 3
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন, দেশটির গণতন্ত্র ও স্বাধীন জীবনধারা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেতাকর্মীদের বেইজিং থেকে আসা ‘লাল সন্ত্রাসের’ হুমকির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
রোববার ডিপিপির বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে লাই চিং-তে বলেন, ‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে, যাতে আমাদের গণতান্ত্রিক ও স্বাধীন জীবনধারা রক্ষা পায়। কোনোভাবেই গণতান্ত্রিক তাইওয়ানকে আবার চীনের তাইওয়ানে পরিণত হতে দেওয়া যাবে না।’
তিনি বলেন, শান্তিকালেও তাইওয়ানকে সতর্ক থাকতে হবে। চীনের সাম্প্রতিক ‘জাতিগত ঐক্য আইন’-এর প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, বেইজিং আইনগত উপায়ে তাইওয়ানের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। তার আশঙ্কা, এই আইন ব্যবহার করে চীন তাইওয়ানের স্বাধীনতার সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে পারে।
তবে এ আইনের সমালোচনা প্রত্যাখ্যান করেছে চীন। পাশাপাশি বেইজিংয়ের আইন তাইওয়ানে কার্যকর নয় বলেও উল্লেখ করা হয়েছে।
লাই চিং-তে আরও বলেন, তাইওয়ান ইতোমধ্যেই একটি স্বাধীন রাষ্ট্র, যার সাংবিধানিক নাম ‘রিপাবলিক অব চায়না’। এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়।
তিনি বলেন, ‘কে আগে এসেছে, কে পরে এসেছে—তা নয়; যে-ই তাইওয়ানকে নিজের দেশ হিসেবে স্বীকার করে, তিনিই এ দেশের মালিক। তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণ করবেন এখানকার ২ কোটি ৩০ লাখ মানুষ।’
চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং প্রেসিডেন্ট লাইকে ‘বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দিয়ে তার সঙ্গে আলোচনার আহ্বান বারবার প্রত্যাখ্যান করেছে।
লাই বলেন, গত এক দশকে ডিপিপি সরকার চীনের ‘কর্তৃত্ববাদী সম্প্রসারণ’, বিভ্রান্তিমূলক প্রচার, সামরিক হুমকি ও কূটনৈতিক চাপের মুখেও পিছু হটেনি। তার ভাষায়, ‘তাইওয়ান বিশ্বকে দেখিয়েছে, গণতন্ত্র কোনো দুর্বলতা নয়; গণতন্ত্রই শক্তি।’ সূত্র: রয়টার্স


























পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি