ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান; নেতানিয়াহুর ‘চিরস্থায়ী যুদ্ধের’ কৌশল
- আপডেট সময় : ১১:২৬:১১ অপরাহ্ন, রোববার, ৯ অগাস্ট ২০২৬
- / 3
গাজার যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। হামাসকে ‘প্রকৃতপক্ষে নিরস্ত্রীকরণ’ না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। আগামী অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর এই সিদ্ধান্তকে তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রস্তাবের শর্ত ও নেতানিয়াহুর অবস্থান
গত ৩০ জুলাই ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ গাজার জন্য এই রোডম্যাপ প্রস্তাব করে। পরিকল্পনা অনুযায়ী, গাজা থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং স্বাধীন ফিলিস্তিনি জাতীয় কমিটির কাছে শাসনভার হস্তান্তরের কথা বলা হয়। এর বিনিময়ে হামাসকে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করতে হতো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব অনুযায়ী এটি তদারকির দায়িত্বে ছিল মার্কিন নেতৃত্বাধীন এই বোর্ড।
তবে রোববার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু এই প্রস্তাব খারিজ করে দেন। তিনি বলেন, ‘ইসরাইল এই ১৫ দফার নথিটি প্রত্যাখ্যান করছে। হামাস প্রকৃতপক্ষে নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত আমাদের সেনাবাহিনী কোনো প্রত্যাহার কার্যক্রম চালাবে না।’
ওয়াশিংটনের কিছু ধারণার সঙ্গে নিজেদের দ্বিমতের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা কোনো কাল্পনিক নয়, বরং প্রকৃত নিরস্ত্রীকরণের কথা বলছি।’
রাজনৈতিক সমীকরণ
আগামী ২৭ অক্টোবর ইসরাইলে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিভিন্ন জনমত জরিপে নেতানিয়াহুর বড় পরাজয়ের আভাস মিলেছে। বিশ্লেষকদের ধারণা, এমন পরিস্থিতিতে নিজের ডানপন্থি ভোটারদের ধরে রাখতেই তিনি ট্রাম্পের প্রস্তাব এড়িয়ে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার পথ বেছে নিয়েছেন।
সাবেক ইসরাইলি কূটনীতিক অ্যালন পিঙ্কাস বলেন, নেতানিয়াহুর এখন একটি চিরস্থায়ী যুদ্ধ প্রয়োজন। তিনি মনে করছেন, এই মুহূর্তে ট্রাম্পকে এড়িয়ে গেলে তার কোনো রাজনৈতিক ঝুঁকি নেই। এই প্রত্যাখ্যান মূলত আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেই করা হয়েছে।
ফিলিস্তিনে হতাশা ও বিশেষজ্ঞদের মত
গাজার বাসিন্দাদের কাছে ইসরাইলের এই প্রত্যাখ্যান প্রত্যাশিত হলেও এটি তাদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭৩ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই মার্কিন মধ্যস্থতা চলাকালেও অন্তত ১ হাজার ২০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক জাভিয়ের আবু ঈদ বলেন, শুরু থেকেই ট্রাম্পের এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের চেয়ে ইসরাইলের স্বার্থ বেশি গুরুত্ব পেয়েছিল। তারপরও নেতানিয়াহুর এটি প্রত্যাখ্যান করার বিষয়টি প্রমাণ করে যে তিনি চুক্তির কোনো তোয়াক্কা করেন না।
অন্যদিকে ইসরাইলি বিশ্লেষক ড্যান পেরি মনে করেন, নেতানিয়াহুর এই সিদ্ধান্ত ইসরাইলের সাধারণ মানুষের চাহিদার পরিপন্থী। তার মতে, ফিলিস্তিনিদের মানবিক চাহিদা মেটানো এবং ইসরাইলের নিরাপত্তার মধ্যে কোনো বিরোধ নেই; এটি একটি রাজনৈতিক চাল মাত্র।


























রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি