জোকোভিচকে হারিয়ে আর্জেন্টিনার অভিজাত ক্লাবে তিরান্তে
- আপডেট সময় : ১২:৩০:৩২ অপরাহ্ন, রোববার, ১৬ অগাস্ট ২০২৬
- / 3
ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়টি তুলে নিলেন আর্জেন্টাইন টেনিস তারকা থিয়াগো তিরান্তে। সিনসিনাটি মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচকে হারিয়ে দিয়েছেন ২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন।
শনিবার রাতে তৃতীয় বাছাই জোকোভিচের বিপক্ষে তিরান্তের জয় ২-৬, ৬-৪, ৬-৪ গেমে। এটি ছিল জোকোভিচের বিপক্ষে তিরান্তের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচেই বাজিমাত করলেন এই তরুণ।
২ ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে প্রথম সেটে অবশ্য জোকোভিচই দাপট দেখান। ম্যাচের ষষ্ঠ গেমে তিরান্তের সার্ভ ভেঙে দেন সার্বিয়ান তারকা। পরে আবারও ব্রেক করে ৬-২ ব্যবধানে সেটটি জিতে নেন তিনি।
দ্বিতীয় সেটে বদলে যায় ম্যাচের চিত্র। ৬-৪ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা ফেরান তিরান্তে। এই সেটে শারীরিক অস্বস্তিতে ভুগে চিকিৎসা নেন জোকোভিচ।
শেষ সেটেও লড়াই ছাড়েননি জোকোভিচ। তবে তিরান্তে নিজের শক্তিশালী সার্ভ ও ফোরহ্যান্ড দিয়ে চাপ ধরে রাখেন। শেষ দিকে জোকোভিচের সার্ভ ভেঙে দেন আর্জেন্টাইন তারকা। ৬-৪ ব্যবধানে সেট জিতে নিশ্চিত করেন ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় জয়।
ক্যারিয়ারে প্রথমবার র্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা খেলোয়াড়কে হারালেন তিরান্তে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা খুবই বিশেষ ছিল। নোভাকের বিপক্ষে এবং এত বড় টুর্নামেন্টে এটাই আমার প্রথম ম্যাচ। আমি খুব খুশি।’
এই জয়ে চতুর্থ আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে জোকোভিচকে হারালেন তিরান্তে। এর আগে সার্বিয়ান তারকাকে হারাতে পেরেছিলেন কেবল হুয়ান মার্টিন দেল পোত্রো, গিয়ের্মো কোরিয়া ও ডেভিড নালবান্দিয়ান। দেল পোত্রো জোকোভিচকে চারবার, কোরিয়া দুবার এবং নালবান্দিয়ান একবার হারিয়েছেন।
জোকোভিচের বিপক্ষে কোনো আর্জেন্টাইনের জয় দেখতে দেশটির টেনিসপ্রেমীদের অপেক্ষা করতে হয়েছে প্রায় ১০ বছর। সবশেষ ২০১৬ রিও অলিম্পিকে জোকোভিচকে হারিয়েছিলেন দেল পোত্রো।
তিরান্তের জন্য ২০২৬ সাল এমনিতেই ক্যারিয়ারের সেরা সময়। চলতি বছর নিজের ক্যারিয়ারসেরা ৫০তম এটিপি র্যাঙ্কিং স্পর্শ করেছেন তিনি। এর পাশাপাশি রিও ডি জেনেইরো এটিপি ৫০০-তে কোয়ার্টার ফাইনাল এবং হিউস্টন এটিপি ২৫০-তে সেমিফাইনাল খেলেছেন। এ বছর এখন পর্যন্ত তার জয় ২৪টি, হার ১৩টি।
পরের রাউন্ডে তিরান্তের প্রতিপক্ষ স্পেনের মার্তিন লান্দালুসে।



























অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে: স্বাস্থ্যমন্ত্রী