রবার্তো কার্লোস কি সত্যিই ইসলাম গ্রহণ করেছেন?
- আপডেট সময় : ০২:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 7
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তবে তিনি সত্যিই ইসলাম গ্রহণ করেছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। কারণ, রবার্তো কার্লোস নিজে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।
তুরস্কের সংবাদমাধ্যম হাবেরলার গতকাল (১৮ আগস্ট) এক প্রতিবেদনে দাবি করে, রবার্তো কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহর সঙ্গে সাক্ষাতের সময় তিনি শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তবে বিষয়টি এখনো কার্লোসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
খবরটি আরও আলোচনায় আসে তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির সংসদ সদস্য আলী শাহিনের বক্তব্যে।
ব্রাজিলের সাও পাওলোয় মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আমরা একত্র হয়েছিলাম। কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস এখন একজন মুসলিম।’
আলী শাহিন আরও লেখেন, ‘রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করায় আমি তাকে অভিনন্দন জানাই। আমি তার ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরা জীবন কামনা করি।’
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি এখনো নিশ্চিত নয়। গোল ডট কম-এর প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের একাধিক সংবাদমাধ্যমে তার ইসলাম গ্রহণের খবর প্রকাশিত হয়েছে।
তবে এখন পর্যন্ত কার্লোস নিজে ধর্ম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেননি। তাই আপাতত এটিকে নিশ্চিত তথ্যের বদলে একটি দাবি হিসেবে দেখা হচ্ছে।
গোল ডট কম-এর প্রতিবেদনে বলা হয়েছে, কার্লোসের ইসলাম গ্রহণের খবর ছড়িয়েছে মূলত শেখ জিহাদ হাম্মাদেহ এবং তুরস্কের সংসদ সদস্য আলী শাহিনের বক্তব্যের ভিত্তিতে।
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর ছড়ানোর সময় তার বিয়ের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।
গোল ডট কম জানিয়েছে, মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক সুহেইলা এল তাহিরির সঙ্গে কার্লোসের বিয়ের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সুহেইলা ফিফা লাইসেন্সধারী খেলোয়াড় এজেন্ট এবং ফুটবলারদের পেশাগত ক্যারিয়ার ও বিভিন্ন ফুটবল প্রকল্প নিয়ে কাজ করেন। তাদের সম্পর্ক প্রথমে পেশাগতভাবে শুরু হলেও পরে তা ভালোবাসায় রূপ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে কার্লোস ও সুহেইলার বিয়ে সাম্প্রতিক কোনো ঘটনা নয়। বিয়ের বিষয়ে তথ্য গত জানুয়ারিতেই সামনে আসে। পরে ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭ আগস্ট সেই বিয়ের ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

























জালিয়াতির অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে রিট