আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনে ৭ দিন ছুটি দিয়েছি: ট্রাম্প
- আপডেট সময় : ০২:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 14
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তারা ‘ভালো মানুষ’ বলেই নিহত ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া বা দাফন সম্পন্ন করার জন্য তেহরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘মীমাংসা’ বা চুক্তিতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে।
শুক্রবার রাতে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সূচনা অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। দীর্ঘ ওই ভাষণে ট্রাম্প মার্কিন শ্রেষ্ঠত্ব, কমিউনিজমের হুমকি এবং বিশ্বজুড়ে নিজ দেশের সামরিক শক্তি ও আধিপত্য নিয়ে ব্যাপক দম্ভ প্রকাশ করেন।
ভাষণে মার্কিন সামরিক সাফল্যের বিবরণ দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা মাত্র একদিনেই ভেনিজুয়েলাকে হারিয়ে দিয়েছি এবং ইরানকে একেবারে ধরাশায়ী করে ফেলেছি। তারা এখন আমাদের সঙ্গে মীমাংসার জন্য মরিয়া হয়ে আছে; তারা এতটাই মরিয়া যে যেভাবেই হোক একটি চুক্তিতে আসতে চায়।”
যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা ভালো মানুষ বলেই একটি অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তাদের এক সপ্তাহের ছুটি দিয়েছিলাম।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুতে ইরানে শোকের ছায়া নেমে আসে এবং সম্প্রতি তার অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরই মধ্যে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: আলজাজিরা



























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই