ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

- আপডেট সময় : ১১:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 38
সন্তানদের ভরণপোষণ বাবদ প্রায় ৭৮ হাজার ইউরো বকেয়া পরিশোধ না করায় ব্রাজিলিয়ান ফুটবল তারকা ডগলাস কস্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর খবর অনুযায়ী, পোর্তো আলেগ্রের ৬ষ্ঠ ফ্যামিলি কোর্ট এই পরোয়ানা জারি করেছে। আদালতের এই নির্দেশে তার ৩০ দিনের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সমস্যার কারণে অস্ট্রেলিয়ান ক্লাব সিডনি এফসি কস্তার সঙ্গে তাদের চুক্তি বাতিল করেছে। গত বছর দুই বছরের চুক্তিতে এই ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। বর্তমানে ব্রাজিলে অবস্থান করছেন এই ফরোয়ার্ড এবং আদালতের নির্দেশে তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা রয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে ডুবিয়ে দিলেন কেইন
চুক্তি বাতিলের পর এক বিবৃতিতে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে কস্তা বলেন,‘সিডনি এফসিকে ধন্যবাদ আমাকে অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ দেয়ার জন্য। আকাশি-নীল জার্সিতে সময়টা ছিল অসাধারণ। ব্যক্তিগত কারণে এখন আর ফিরতে পারছি না বলে আমি খুবই দুঃখিত। এখানে কাটানো সময়টা সবসময় মনে রাখব। ক্লাবের সদস্য ও সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের সামনে খেলাটা খুবই বিশেষ ছিল এবং আমি কখনোই ভুলব না।’
পেশাদার ক্যারিয়ারে ২৪টি শিরোপা জিতেছেন কস্তা। জুভেন্টাসের হয়ে তিনি তিনটি ইতালিয়ান সিরি ‘এ’ লিগ এবং বায়ার্ন মিউনিখের হয়ে তিনটি বুন্দেসলিগা শিরোপা জিতেছেন। এর মধ্যে বায়ার্নের হয়ে ২০২০ সালের ক্লাব বিশ্বকাপও রয়েছে।
সিডনি এফসির প্রধান কোচ উফুক তালায়ও ডগলাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন,‘ডগলাসকে ধন্যবাদ তার প্রচেষ্টার জন্য। তিনি সমর্থকদের বিনোদনমূলক কিছু পারফরম্যান্স উপহার দিয়েছেন। গত কয়েক মাস ধরে আমরা তাকে সমস্যার সমাধানে সহায়তা করেছি। তবে নতুন মৌসুম সামনে রেখে দলের ভবিষ্যতের স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’


























