পাফোস এফসির বিপক্ষে ১-০ গোলে জিতেছে চেলসি

- আপডেট সময় : ০৩:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / 72
ম্যাচ শেষে যে সামান্য করতালির রোল শোনা গেল, সেটাই সবকিছু বলে দিচ্ছিল। হতশ্রী, খাপছাড়া পারফরম্যান্সে সমর্থকদের পুরো হতাশই করেছে চেলসি। সাইপ্রাসের চ্যাম্পিয়ন পাফোস এফসির প্রতিরোধ ভাঙতে লন্ডনের ক্লাবটির লেগে যায় যন্ত্রণাদায়ক ৭৮ মিনিট। তাতে স্ট্যামফোর্ড ব্রিজে জয় এলেও দর্শকদের প্রতিক্রিয়া ছিল নিরুত্তাপ—আর তাতে অবাক হওয়ার কিছুই ছিল না।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে পাফোস এফসির বিপক্ষে ১-০ গোলে জিতেছে চেলসি। ইংলিশ ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেন মোইসেস কাইসেদো। ম্যাড়ম্যাড়ে ম্যাচে ৭১ শতাংশ বল দখলে রেখেও গোলের সামনে অকার্যকর ছিল লিয়াম রোসেনিয়রের দল। ২১টি শট নেওয়া লন্ডনের ক্লাবটি লক্ষ্যে রাখে সাতটি। আর চারটি শট নেওয়া পাফোস দুটি রাখে লক্ষ্যে।
নিজেদের উঠানে পুরো পরিবেশটাই ছিল স্বস্তির। এমন এক রাতে উদ্বেগ ছিল প্রবল, ঘরের মাঠে দর্শকরা চেলসির মালিকদের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যান। আর মাঠের ফুটবল ছিল ধীরগতি ও একঘেঁয়ে। এমনকি মোইসেস কাইসেদোর গোল পাফোসের দৃঢ় প্রতিরোধ ভেঙে দিলেও, খুব একটা উদযাপনের আবহ তৈরি হয়নি। ইকুয়েডরের এই মিডফিল্ডারের গোলের সুবাদে লিয়াম চেলসি চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোতে যাওয়ার সুযোগ বাঁচিয়ে রেখেছে। আগামী সপ্তাহে নাপোলির মাঠে জয় পেলেই চলবে তাদের।
দারুণ প্রত্যাবর্তনে জয়ের পরও দুশ্চিন্তায় বার্সা
৭ ম্যাচে চার জয় এক ড্র ও দুই হারে ১৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে চেলসি। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে পাফোস এফসি।
প্রতিযোগিতার অন্য ম্যাচে ডাচ ক্লাব পিএসভি আইন্দোহোভেনকে ৩-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ইংলিশ ক্লাবটির হয়ে লক্ষ্যভেদ করেছেন ডি আর কঙ্গোর ফরোয়ার্ড ইয়োনে ভিসা, ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন ও আরেক ইংলিশ উইঙ্গার হার্ভে বার্নস। এই জয়ে পয়েন্ট টেবিলের সাতে উঠে এসেছে নিউক্যাসল। ৭ ম্যাচে ক্লাবটির পয়েন্ট ১৩। আট পয়েন্ট নিয়ে ২২ নম্বরে পিএসভি।
বেনফিকার বিপক্ষে ২-০ গোলে জিতেছে জুভেন্টাস। গোল করেছেন খেপরেন থুরাম-উলিয়েন ও ওয়েন্টন ম্যাককেনি। ইতালির ক্লাব আটালান্টর বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও। তুর্কি ক্লাব গালাতাসারে ও আতলেতিকো মাদ্রিদের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-২ গোলে হারিয়েছে আজারবাইজানের ক্লাব কারাবাখ এফকে।


























