জর্জিয়াকে উড়িয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন
- আপডেট সময় : ০১:০৫:৫৩ অপরাহ্ন, রোববার, ১৬ নভেম্বর ২০২৫
- / 35
বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়াকে আজ ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। বড় জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন মিকেল ওয়ারজাবাল। একবার করে বল জালে পাঠিয়েছেন মার্টিন জুবিমেন্দি ও ফেরান তরেস।
এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে পাঁচ ম্যাচের সবক’টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে তুরস্ক। অন্যদিকে পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে তিন পয়েন্ট নিয়ে তিনে জর্জিয়া।
আক্রমণভাগের প্রাণভোমরা লামিনে ইয়ামালকে ছাড়াই মাঠে নামে স্পেন। তবে দলের প্রধান তারকাকে ছাড়াই র্যাঙ্কিংয়ে ৭০ নম্বর দলকে উড়িয়ে দিতে মোটেও বেগ পেতে হয়নি ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা স্পেন। ৬১ শতাংশ বল দখলে রেখে ১৪টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে লুইস দে লা ফুয়েন্তের দল। আর ছয়টি শট নেওয়া জর্জিয়া গোলমুখে রাখে দুটি শট।
১১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ওয়ালজাবাল। রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ডের গোলের ১১ মিনিট পর ব্যবধান ২-০ করেন জুবিমেন্দি। ফাবিয়ান রুইজের নিখুঁত পাস থেকে বল জালে জড়ান আর্সেনালের ২৬ বছর বয়সী মিডফিল্ডার।
৩৪ মিনিটে আরেক দফা এগিয়ে যায় স্পেন। এবার গোলদাতার নাম ফেরান তরেস। আক্রমনভাগের বাঁ দিক থেকে বল পেয়ে বক্সে ঢুকে বলটি গোলের সামনে দিয়ে পাঠান ওয়ারজাবাল। বল পান তরেস, লক্ষ্যে পাঠাতে কোনো ভুল করেননি বার্সেলোনার ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে শেষ গোলটি করে স্পেন। নিজের জোড়া গোল পূর্ণ করার সঙ্গে দলের হালি গোলও পূরণ করেন তিনি।
বিশ্বকাপ বাছাইপর্বে স্পেনের পরের ম্যাচ তুরস্কের বিপক্ষে। আগামী ১৮ নভেম্বর ম্যাচটিতে হারলেও বিশ্বকাপের টিকিট কাটবে তারা। গোল ব্যবধানে অনেকটাই পিছিয়ে থাকায় স্পেনের বিপক্ষে জয় পেলেও প্লে অফ খেলতে হবে তুরস্ককে।


























উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো