৪ পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলকিপারের

- আপডেট সময় : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 134
প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের বড় নায়ক গোলরক্ষক মাতভেই সাফোনভ। কিন্তু শিরোপা জয়ের সেই রোমাঞ্চকর রাতে বড় ধাক্কা খেলেন তিনি। পেনাল্টি শুটআউটে বীরোচিত পারফরম্যান্সের মাঝেই ভাঙল তার হাত।
ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে বুধবারের ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় সমতায়। এরপর টাইব্রেকারে একের পর এক ৪টি শট ঠেকিয়ে পিএসজিকে ২–১ ব্যবধানে জেতান সাফোনভ। এর মধ্য দিয়েই ক্লাব ইতিহাসে প্রথম কোনো বৈশ্বিক শিরোপা জেতে ফরাসি জায়ান্টরা।
তবে জয়ের আনন্দ উদযাপন করতে গিয়েই বিপত্তি। সতীর্থরা তাকে আনন্দে শূন্যে ছুড়ে দিলে, কিংবা তার আগেই- ঠিক কখন চোট লেগেছে, তা নিয়েই ধোঁয়াশা। পিএসজি কোচ লুইস এনরিকে শুক্রবার জানান, ধারণা করা হচ্ছে শুটআউট চলাকালীনই সাফোনভের হাত ভেঙে যায়।
“আমি সত্যিই ব্যাখ্যা করতে পারছি না। অবিশ্বাস্য ব্যাপার। খেলোয়াড় নিজেও জানে না কীভাবে এটা হলো। আমাদের মনে হয় তৃতীয় পেনাল্টি বাঁচানোর সময় সে একটু অস্বাভাবিক মুভমেন্ট করেছিল, তখনই ফ্র্যাকচার হয়েছে।”
“অবাক করার বিষয় হলো- ভাঙা হাত নিয়েই সে শেষ দুটি শট ঠেকিয়েছে। তখন অ্যাড্রেনালিন এত কাজ করছিল যে, সে কোনো ব্যথাই অনুভব করেনি। দলের জন্য যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার যে মানসিকতা, সেটাই আমরা চাই। সাফোনভসহ পুরো দল সেই মনোভাবটাই দেখিয়েছে।”
টুর্নামেন্ট সেরার দৌড়ে মোস্তাফিজ
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সাফোনভের অবস্থা তিন থেকে চার সপ্তাহ পর পুনর্মূল্যায়ন করা হবে।
রাশিয়ান এই গোলকিপার মূলত পিএসজির ব্যাকআপ। মূল গোলকিপার হিসেবে দলে যোগ দেওয়া লুকাস শেভালিয়ের গোড়ালির চোটে পড়ার আগ পর্যন্ত তিনি এক মিনিটও মাঠে নামেননি। ২৯ নভেম্বর থেকে শেভালিয়ের খেলতে পারছেন না।
পিএসজির সামনে এখন কুপ দ্য ফ্রান্সের ম্যাচ। শনিবার পঞ্চম স্তরের দল ভঁদে ফঁতেনের বিপক্ষে মাঠে নামবে তারা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির জন্য ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের মধ্য দিয়ে বছরটা আরও স্মরণীয় হয়ে উঠেছে। তবে কোচ লুইস এনরিকে অতীতের অর্জনে থামতে নারাজ।
“আমি অতীত নিয়ে ভাবি না। আমার ভাবনা বর্তমান- আজকের অনুশীলন, শনিবারের ম্যাচ। প্যারিসে সবাই আমাকে ধন্যবাদ দেয়, কিন্তু এটা আমার কাজ। এমন একটি ক্লাবকে প্রতিনিধিত্ব করা আমাদের সৌভাগ্য।”
“বছরটা অসাধারণ গেছে, যা ভুলবার নয়। কিন্তু আমাদের মনোযোগ রাখতে হবে এখনকার দায়িত্বে- এই বছরটা আমরা সেরা উপায়ে শেষ করতে চাই।”


























