টানা তৃতীয়বার ব্রিসবেন ফাইনালে সাবালেঙ্কা

- আপডেট সময় : ০৩:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 105
অস্ট্রেলিয়ান ওপেনের আগে যেন প্রতিশোধ নিতে কোর্টে নেমেছেন আরিনা সাবালেঙ্কা। গতকাল ম্যাডিসন কিজকে হারানোর পর আজ সেমিফাইনালে কারোলিনা মুখোভার বিপক্ষে জয় তুলেন নিলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা।
ব্রিসবেন ইন্টারন্যাশনালে মুখোভাকে সরাসরি ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন সাবালেঙ্কা। এই নিয়ে টানা তিনবার ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে উঠলেন বেলরুশ তারকা।
সেমিফাইনালে নামার আগে হেড-টু-হেড রেকর্ডে ৩-১ ব্যবধানে এগিয়ে ছিলেন মুখোভা। সাবালেঙ্কার বিপক্ষে সবশেষ ৩ ম্যাচেই জয় পেয়েছিলেন। তবে আজ তিনি পাত্তাই পাননি।
পুরো ম্যাচে আধিপত্য ধরে খেলেন সাবালেঙ্কা। প্রথম সেটের দ্বিতীয় গেমেই ব্রেক পয়েন্ট নিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে যান। শক্তিশালী ব্যাকহ্যান্ড উইনারে প্রথম সেট নিজের করে নেন।
এফএ কাপে নটিংহ্যামকে বিদায় করে রেক্সহ্যামের রূপকথা
দ্বিতীয় সেটে মুখোভা কিছুটা লড়াই করার চেষ্টা করলেও সাবালেঙ্কার সঙ্গে পেরে ওঠেননি। নবম গেমে আবারও একটি গুরুত্বপূর্ণ ব্রেক পয়েন্ট জিতে ৫-৪ ব্যবধানে এগিয়ে যান সাবালেঙ্কা। শেষ পর্যন্ত নিজের সার্ভিস ধরে রেখে জয় নিশ্চিত করেন এই বেলরুশ তারকা।
ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, ‘দ্বিতীয় সেটের শেষের দিকে অনেক কাছাকাছি পয়েন্ট ছিল, তবে সরাসরি সেটে ম্যাচ শেষ করতে পেরে আমি খুব খুশি। প্রতিপক্ষ খুবই শক্তিশালী, তাই শেষ মুহূর্তে সুযোগ দিলে কাজে লাগাতেন। জয় নিশ্চিত করতে পেরে আনন্দিত।‘
দ্বিতীয় সেমিফাইনালে আমেরিকার জেসিকা পেগুলাকে সরাসরি ৬-০, ৬-৩ সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন ইউক্রেনের মার্তা কস্টিউক। আগামীকাল ফাইনালে কস্টিউকের বিপক্ষে টানা দ্বিতীয়বারের মতো ব্রিসবেন ইন্টারন্যাশনালের ট্রফি জয়ের জন্য কোর্টে নামবেন সাবালেঙ্কা।
























