ম্যান সিটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বোডো

- আপডেট সময় : ০৩:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 121
নরওয়ের একটি ছোট্ট একটি শহর বোডো। ৫৫ হাজার জনসংখ্যার এ শহরের মানুষ মাছ শিকার করে জীবনযাপন করে। ম্যানচেস্টার সিটিকে তারা যে মাঠে আতিথেয়তা দিয়েছে তার ধারণক্ষমতা মাত্র ৮ হাজার। এই ছোট শহরের ছোট ক্লাবটিই চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে প্রথম জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্টদের হারিয়ে।
নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম বড় অঘটনের জন্ম দিয়ে ম্যান সিটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বোডো/গ্লিমট। নরওয়ের ক্লাবটির অসাধারণ এই জয়ে জোড়া গোল করেছেন ড্যানিশ ফরোয়ার্ড কাস্ফার হগ, একটি গোল করেছেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড জেন্স পিটার হউগে। সিটির হয়ে একটি গোল শোধ করেছেন ফরাসি উইঙ্গার রায়ান চের্কি।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচে মাত্র দু’টিতে জয় দেখেছে ম্যান সিটি। বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া পেপ গার্দিওলার দল বোডো/গ্লিমটের বিপক্ষে হারের পর ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে। ইউরোপে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার এবারের আসরে সরাসরি শেষ ষোলো নিশ্চিত কঠিন হয়ে গেল তাদের জন্য। লিগ পর্বের শেষ ম্যাচে গালাতাসারায়ের বিপক্ষে ফলের ওপর নির্ভর করছে সিটির প্লে অফ ভাগ্য।
অন্যদিকে আগের ছয় ম্যাচের তিনটি হার ও অন্য তিনটিতে ড্র করা বোডো প্রথম জয় নিয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে ২৭ নম্বরে অবস্থান করছে।
শক্তিমত্তায় সিটি থেকে যোজন যোজন পিছিয়ে থাকা দলের কাছে হারের পর সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আজ আমাদের জন্য দারুণ একটি সুযোগ ছিল। কিন্তু সবকিছুই যেন আমাদের বিপক্ষে যাচ্ছে—ছোট ছোট অনেক বিষয়েই। এটা বাস্তবতা, আর আমাদের সেটি বদলানোর চেষ্টা করতে হবে। খেলোয়াড়রা মাঠে ছিল এবং আমরা চেষ্টা করেছি।’
চোটের ধাক্কাও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সিটির জন্য, বিশেষ করে রক্ষণভাগে। সেন্টার ব্যাক রুবেন দিয়াস, জন স্টোনস ও ইওস্কো গভার্দিওল সবাই চোটে কারণে মাঠের বাইরে। এছাড়া রাইট ব্যাক মাতেউস নুনেস অসুস্থতার কারণে খেলতে পারেননি।
পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রাখলেও প্রথমার্ধেই জোড়া গোলে পিছিয়ে পড়েছিল পেপ গার্দিওলার শিষ্যরা। ২২ ও ২৪; মাত্র দুই মিনিটের মধ্যে গোলমুখে সতীর্থ ব্লোমবার্গের থেকে দুবার বল পেয়ে দুবারই জালে জড়ান ড্যানিশ ফরোয়ার্ড কাস্ফার হগ। ম্যাচে ফিরতে লড়াই চালিয়ে যাওয়া সিটি উল্টো দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে আরেকটি গোল হজম করে। সন্দ্রে ব্রান্সটাড ফেটের থেকে বল পেয়ে এবার ব্যবধান ৩-০ করেন জেন্স হউগে।
অনেক চেষ্টার পর ৬০তম মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় সিটি। ও’রেইলির বাড়ানো বল জালে জড়ান রায়ান চের্কি। কিন্তু পরের মিনিটেই দলকে বিপদে ফেলেন মিডফিল্ডার রদ্রি। জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এ স্প্যানিশ। তাতে ১০ জনের দলে পরিণত হয় সিটি। তার পরও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে গিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হন ওমর মারমুশ, ফিল ফোডেন আর আর্লিং হলান্ডরা। তাতে ৩-১ গোলের হারের চরম হতাশা নিয়ে ঘরে ফেরা নিশ্চিত হয় সিটির।





















