এগিয়ে থেকেও জয় অধরা, হামবুর্গে হোঁচট বায়ার্নের

- আপডেট সময় : ০১:৫৫:১০ অপরাহ্ন, রোববার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 147
বুন্দেসলিগায় টানা দ্বিতীয় ম্যাচে জয় বঞ্চিত বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে হামবুর্গের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিগ শীর্ষে থাকা দলটি।
ঘরের মাঠ ভলসপার্ক স্টেডিয়ামে ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হামবুর্গকে এগিয়ে দেন ফাবিও ভিয়েরা। নিকোলাই রেমবার্গকে ফাউল করে বসেন বায়ার্ন মিডফিল্ডার জশুয়া কিমিখ। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। সফল স্পট কিকে এগিয়ে যায় হামবুর্গ।
আট মিনিট পরই বায়ার্নকে ১-১ সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। কিমিখের বাড়ানো বল থেকে দারুণ ফিনিশে মৌসুমের ২২তম লিগ গোলটি করেন তিনি।
ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
বিরতির ঠিক পরপরই এগিয়ে যায় বায়ার্ন। ৪৬ মিনিটে মাইকেল ওলিসের সহায়তায় গোল করেন লুইস দিয়াজ।
তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভিনসেন্ট কোম্পানির দল। ৫৩ মিনিটে হেডে গোল করে হামবুর্গকে ২-২ গোলে সমতায় ফেরান লুকা ভাসকোভিচ।
ম্যাচের শেষ দিকে আবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল হামবুর্গ। ৭৪ মিনিটে গোলকিপার মানুয়েল নয়্যার পোস্ট ছেড়ে বেরিয়ে গেলে ফাঁকা জালে শট নেন ভিয়েরা। অসাধারণ স্লাইডিংয়ে বল ক্লিয়ার করে বায়ার্নকে বাঁচান আলফনসো ডেভিস।
এই ড্রয়ে ২০ ম্যাচে বায়ার্নের পয়েন্ট হলো ৫১। একটি ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে এগিয়ে আছে ৯ পয়েন্টে। হামবুর্গ ১৯ পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের ১৩ নম্বরে।


























