ইরান যুদ্ধ: সামরিক অভিযান গুটিয়ে নিতে চান ট্রাম্প

- আপডেট সময় : ১২:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 101
প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তাঁর সহযোগীদের বলেছেন যে, হরমুজ প্রণালী অনেকাংশে বন্ধ থাকলেও তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে ইচ্ছুক।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ সম্ভবত এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তেহরানের দৃঢ় নিয়ন্ত্রণকে আরও দীর্ঘায়িত করবে এবং প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার মতো জটিল অভিযানটি ভবিষ্যতের জন্য স্থগিত রাখবে।
সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ও তাঁর সহযোগীরা মূল্যায়ন করে দেখেছেন যে, এই গুরুত্বপূর্ণ নৌপথটি (চোকপয়েন্ট) জোরপূর্বক খোলার চেষ্টা করা হলে চলমান সংঘাতটি তাঁদের নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা ছাড়িয়ে যাবে। তাই ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাষ্ট্রের উচিত তাদের প্রধান লক্ষ্যগুলো অর্জন করা—যার মধ্যে রয়েছে ইরানের নৌবাহিনীকে দুর্বল করা এবং তাদের ক্ষেপণাস্ত্রের মজুত ধ্বংস করা। পাশাপাশি, বাণিজ্যের অবাধ প্রবাহ পুনরায় শুরু করতে তেহরানের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রেখে বর্তমান সংঘাত গুটিয়ে আনা।
এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না : ব্রিটিশ প্রধানমন্ত্রী
কর্মকর্তারা জানিয়েছেন, এই কূটনৈতিক প্রচেষ্টা যদি ব্যর্থ হয়, তবে ওয়াশিংটন হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে নেতৃত্ব দেওয়ার জন্য ইউরোপ এবং উপসাগরীয় মিত্রদের ওপর চাপ প্রয়োগ করবে।
তাঁরা আরও বলেন, প্রেসিডেন্টের হাতে সামরিক পদক্ষেপ নেওয়ার বিকল্পও রয়েছে, তবে সেগুলো আপাতত তাঁর তাৎক্ষণিক অগ্রাধিকারের তালিকায় নেই।
বিবিসি মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করেছে। তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য আসেনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সাধারণত এ প্রণালি দিয়ে পার হয়, যে কারণে এ সংঘাত বিশ্বজুড়ে জ্বালানির দামকে আকাশচুম্বী করে তুলেছে।

























