রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা
- আপডেট সময় : ০৯:২৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 12
নিকো ও’রাইলির হেড ক্রসবারে লেগে ফেরত আসার পর ফাঁকায় বল পেয়ে গেলেন হ্যারি কেইন। কিন্তু জোরালো ভলি নিয়ন্ত্রণে রাখতে পারলেন না তারকা ফরোয়ার্ড। সুবর্ণ সুযোগ হাতছাড়ার পর হতাশায় মুষড়ে পড়ল পুরো ইংল্যান্ড দল। আর ঘানা ভাসল মূল্যবান পয়েন্ট নিশ্চিত করার আনন্দে।
বস্টোন স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাতের ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড ও ঘানা। ম্যাচজুড়ে দাপট দেখিয়ে খেললেও ঘানার দৃঢ়তাপূর্ণ রক্ষণ ভাঙতে পারেনি ইংল্যান্ড। তাই এক পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় ১৯৬৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের।
দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের শীর্ষেই রইল ইংল্যান্ড। সমান ম্যাচে সমান ৪ পয়েন্ট ঘানারও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের অবস্থান দুই নম্বরে। গ্রুপ থেকে দুই দলই এখন নকআউটে যাওয়ার খুব কাছে রয়েছে।
এ নিয়ে টানা তৃতীয় বড় টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ ড্র করল ইংল্যান্ড। আর সব মিলিয়ে বিশ্বকাপে এটি তাদের ১৩তম গোলশূন্য ড্র। বিশ্বের আর কোনো দলের ৯টির (ব্রাজিল) বেশি গোলশূন্য ড্র করার নজির নেই।
তবে ম্যাচ জেতার সব ধরনের চেষ্টাই করে ইংল্যান্ড। ম্যাচ জুড়ে প্রায় ৭৯ শতাংশ সময় তাদের নিয়ন্ত্রণেই থাকে বল। গোলের জন্য ইংলিশরা করে মোট ১৯টি শট। এর মধ্যে ৪টি লক্ষ্যে থাকলেও জালে প্রবেশ করেনি। বিপরীতে ঘানার ২ শটের একটি ছিল লক্ষ্য বরাবর।
ম্যাচের প্রথমার্ধে তেমন বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। ম্যাচের ৩৭ মিনিটে ডি-বক্সের ভেতরে ডেক্লান রাইসের দিকে বল এগিয়ে দেন ননি মাদুয়েকে। লাফিয়ে উঠে হেড করলেও জালের ভেতরে রাখতে পারেননি রাইস।
গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরে আক্রমণের মাত্রা বাড়ায় ইংল্যান্ড। কিন্তু কোনো কাজের কাজ হয়নি, ম্যাচের ৮০ মিনিট পেরিয়ে যাওয়ার পর ভাগ্যেরও সহায়তা পায় ঘানা। তবে শুরুটা হয় গোলকিপার বেঞ্জামিন আসারের সেভ দিয়েই।
ম্যাচের ৮৬ মিনিটে ডান পাশ থেকে কাট-ইন করে দূরের পোস্টে শট করেন বুকায়ো সাকা। তবে দারুণ ক্ষিপ্রতায় সেটি ঠেকিয়ে দেন ঘানার গোলকিপার। সেখান থেকেই ফিরতি বল পেয়ে আবার আক্রমণ সাজায় ইংল্যান্ড।
এবার সবার চেয়ে ওপরে লাফিয়ে উঠে হেড দেন নিকো ও’রাইলি। কিন্তু ক্রসবারে লেগে ফিরে আসে বল। সেই ফিরতি বল একদম গোলমুখেই পান হ্যারি কেইন। তবে তার ডান পায়ের ভলি গোলবারের অনেক ওপর দিয়ে চলে যায়।
পরে অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এবেরেচি এজে বল বাড়িয়ে দেন মার্ক গিয়েহির দিকে। দারুণ হেডে জাল বরাবর পাঠিয়ে দেন গিয়েহি। কিন্তু একদম গোল লাইন থেকে সেটি ক্লিয়ার করেন ঘানার এক ডিফেন্ডার। তাতেই যেন ড্র নিশ্চিত হয়ে যায় ম্যাচের ফল।



























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই